ওয়ালটনের ‘মেইড ইন বাংলাদেশ’ ইউরোপীয় ব্র্যান্ড এসিসি

২৮ নভেম্বর, ২০২৪ ২১:১৭  

ওয়ালটন বাংলাদেশে গৌরব। মোবাইল থেকে লিফট তৈরিতে বাংলাদেশের পথিকৃৎ। প্রতিবেশী ভারতের চেয়েও কমপ্রেসার তৈরিতে এগিয়ে। ব্র্যান্ডটি বাংলাদেশে প্রযুক্তির রেঁনেসা সৃষ্টি করেছে। গৌরবের এমন নানা উপাখ্যানে বৃহস্পতিবার সন্ধ্যাটা প্রশংসা মুখর হলো ওয়ালটন হাইটেক। ওয়ালটন ডিজিটেকের মাধ্যমে অনুষ্ঠানটি আন্তর্জাতিক কম্পিউটার ব্র্যান্ড এসিসি (ACC Computer Brand) উন্মোচনের হলেও হয়ে ওঠে আত্মতৃপ্তি আর গৌরবের। প্রত্যাশা করা হয় বিশ্ব নেতৃত্বের।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো এই অনুষ্ঠানে বাংলাদেশে এসিসি কম্পিউটার ব্র্যান্ড (ACC Computer Brand) উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ওয়ালটন নজির সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার বলেন, কমপ্লায়েন্সেও তারা এগিয়ে আছে। তারা এখনো কোনো কর ফাঁকি দেয়নি। তাই তাদের জন্য আমাদের দরজা সব সময় উন্মুক্ত থাকবে।

তিনি আরো বলেন, এখন ডিজিটাল বৈষম্য দূর করতে আমার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করছি। ধাপে ধাপে এগুচ্ছি। তবে এই গতিটা বাড়াতে হবে গুণিতক হারে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এস রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ডান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ, প্রাবন্ধিক প্রফেসর ড. ইয়াসমীন আরা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, ওয়ালটন ডিজি-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা।

দেশের কর্মসংস্থানের স্বচ্ছতা ও নির্ভরতার প্রসঙ্গ টেনে সভাপতির বক্তব্যে ওয়ালট ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম বলেন, আমারা দিন দিন ঐতিহ্য হারিয়ে ভূমিহীন হচ্ছি। জমি বিক্রি করে বিদেশে যাচ্ছি। শিকড়হীন হচ্ছি। সেই প্রেক্ষাপটে ওয়ালটন হাইটেক পুঁজিবাজারে গিয়েছি। আমাদের কমপ্লায়েন্সকে আরো শক্তিশালী করতে চাইছি। আমার বিনিয়োগের ঝুঁকির শঙ্কা দূর করে আকর্ষণীয় করতে এ ক্যাটাগরিতে ১০-১০০ এর গ্যাপকে আরো ভেঙ্গে নতুন ডিসিপ্লিনে আনা হবে বলে প্রত্যাশা করি।

ওয়ালটন ডিজিটেক থেকে এসিসি কম্পিউটার লাঞ্চিং গালা নাইটে এই ব্র্যান্ডের পণ্যসারিরর ৯টি পণ্য দেশে বিপননের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য ৪ মডেলের ল্যাপটপ, ২ মডেলের ডেস্কটপ এবং ১ মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা ইন্টেলের থারটিন এবং ফোরটিন জেনারেশন এবং এআই আল্ট্রা চিপসেটসমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে ইতালির বেলুনো শহরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে এসিসি (ACC)। ২০২২ সালে এসিসিসহ অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের স্বত্ব লাভ করে ওয়ালটন। অন্য ব্র্যান্ড দুটি হলো জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভার্ডিকটার। আন্তর্জাতিক বিডিংয়ে বেশ কিছু নামকরা বৈশ্বিক কোম্পানিকে হটিয়ে ইউরোপের জনপ্রিয় এই ব্র্যান্ডগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার ও ফিক্সড স্পিড কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, গবেষণা ও উন্নয়ন, মেধাসম্পদ (ডিজাইন ও সফটওয়্যার লাইসেন্স), ৫৭টি দেশে ট্রেডমার্কসহ ইটালিয়া ওয়ানবাও-এসিসি এসআরএল (Wanbao-ACC S.r.l) কোম্পানির কাছ থেকে ওয়ালটন স্বত্ব লাভ করে। ইতোমধ্যেই এসিসি ব্র্যান্ডে টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করেছে ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য এসিসি ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে।